মানুষ এখন কি দেখছে😒
নানা রঙের চ্যানেলের ছড়াছড়ি ছিলনা তখন।তখন শুধু একটিই চ্যানেল ছিল নাম তার বাংলাদেশ টেলিভিশন।যেখানে এখনকার মত বাতাবীলেবুর নিউজ না থাকলেও ছিল কিছু নিরেট উপভোগ্য অনুষ্ঠান।
সেই সময়টাতে ডিশ লাইন পাওয়া যেত কদাচিৎ।
দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল শুধু বিটিভি।
রোজ শুক্রবারে শুধু পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য সকাল-বিকালের সব সমস্যাকে তুড়ি মেরে হুড়মুড়িয়ে বসে পড়তাম টিভির ঘরে।
দুই থেকে আড়াই ঘন্টার সাদাকালো অথবা ঝিঁঝিঁ পোকা ধরে যাওয়া রঙিন ছায়াছবি সাথে বোনাস হিসেবে ছিল কিছুক্ষণ পর পর বিজ্ঞাপনের পাহাড় তারপর অপেক্ষা কবে শেষ হবে এই বিজ্ঞাপন।ইলেক্ট্রিসিটির আসা যাওয়ার মিছিল সব যন্ত্রণা মিলেও আমাদের আগ্রহের মধ্যে ভাটাতো পড়তোই না উল্টো যেন জোয়ার এসে পড়তো
ছায়াছবিকেও ছাড়িয়ে যেটা এখনও আমার মন দখল করে থাকে তা হলো নাটক।একেবারে নব্বই দশকের নাটক আরেকটু লম্বা করলে তা যাবে নতুন শতাব্দীর একেবারে শুরুর দিকে।
নাটক দেখার জন্য সন্ধ্যের পর মূল টাইমের অনেক আগেই অফিস ছুটি হয়ে যেতো।
রাস্তাঘাট থাকতো ফাঁকা।অগণিত আগ্রহী চোখের লক্ষ্য থাকতো টিভির পর্দায়।
‘উড়ে যায় বকপক্ষী,আজ রবিবার,কোথাও কেউ নেই,বহুব্রীহি,রূপনগর,সংশপ্তক, এইসব দিনরাত্রি,’ ইত্যাদি কত মাস্টারপিস নাটক।
প্রত্যেকটা নাটক-ই অতুলনীয়, অসাধারণ।
কোনো বিশেষণে বিশেষায়িত করার মতো নয়।
হুমায়ূন আহমেদের “কোথাও কেউ নেই” নাটকের চরিত্র বাকের ভাই আজও প্রিয় চরিত্র হয়ে আছে মনের কুঠুরিতে।
নাটকের শেষাংশে যখন বাকের ভাইয়ের ফাঁসির ঘোষণা দেওয়া হয়,
তখন ঢাকার রাস্তায় মানুষ মিছিল নিয়ে বের হয়েছিল।দেশের অনেক জায়গাতেও তা নিয়ে ছিল সরব আন্দোলন।
একটা কাল্পনিক নাটকের চরিত্রের ফাঁসি না দেওয়ার দাবীতে মিছিল।
“বাকের ভাইয়ের মুক্তি চাই,কুত্তাওয়ালির ফাঁসি চাই!”
আমরা আসলেই আবেগপ্রবণ বাঙ্গালী জাতি।
আর যাদের আবেগ আছে নিঃসন্দেহে তাদের হৃদয়টা বিশাল।
স্বার্থপরতা সেইখানে জায়গা পায় কম।
যাকগে, যা বলছিলাম।নব্বইয়ের দশকের সেসব নাটকের কাহিনীর কথা কি বলবো!
বিনোদনের সাথে শিক্ষার প্রদানের যে কলাকৌশল নাটকের পেছনের কর্মরত ব্যক্তিরা দেখিয়েছেন তা সকল প্রশংসার ঊর্ধ্বে।
আর তখনকার অভিনয়শিল্পীরা ছিলেন সর্বকালের সবচেয়ে সেরাদের অন্যতম।
“আসাদুজ্জামান নূর,আবুল হায়াত,ডলি জহুর,জাহিদ হাসান,এটিএম শামসুজ্জামান,সুবর্ণা মুস্তাফা সহ আরো খ্যাতিমান অভিনয়শিল্পীরা
নিজ নিজ অবস্থানে অভিনয় এতোটাই দক্ষতার সঙ্গে করেছেন যে, বাস্তবতার সাথে তার তফাৎ কোথায়?নাটককে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন সবাই মিলে।
তখনকার সময়ে বেশিরভাগ ধারাবাহিক নাটক ই ছিল সাংসারিক ঘটনাপ্রবাহ নিয়ে।
কিন্তু বর্তমান সময়ের জি বাংলা,স্টার প্লাস,স্টার জলসার মতো প্রতি মুহূর্তে চুলোচুলি রেষারেষি অথবা বজ্রপাত ছিল না।
প্রেম ছিল, ভালবাসা ছিল, হাসি ছিল, কান্না ছিল মোট কথা যতো উপাদান থাকা প্রয়োজন তা ছিল এবং তা পরিমিত পরিমাণেই।
আমার বর্তমান সময়ের বেশিরভাগ নাটক দেখলে খুবু আফসোস হয়।
মূল্যবান সময় নষ্ট করে মানুষ কি সব ছাইপাঁশ গিলছে।
বেশিরভাগ নাটকের মধ্যেই শিল্পের কোনো ছাপ নাই।আছে শুধু সস্তা বিনোদন।
আর আঞ্চলিক ভাষা এমনভাবে এখনকার নাটকে প্রবেশ করেছে যে, মানুষ বিশুদ্ধ ভাষায় কথা বলতে একপ্রকার ভুলেই গিয়েছে।
বাস্তবিক জীবনেও মানুষ সবসময় আঞ্চলিক ভাষার ডায়লগ ব্যবহার করে যাচ্ছে।
মূলত বৈচিত্র্যতা আনয়ন আর বিনোদন প্রদানের জন্যই ভাষার এই পরিবর্তন।
কিন্তু বিনোদন বৈচিত্র্যতা শুদ্ধ ভাষাতেই তো দেওয়া যায়।
আঞ্চলিক ভাষার পাশাপাশি বিশাল স্থান দখল করে বসে আছে ইংরেজি ভাষা।
কোনো চরিত্র একটা বাংলা বাক্যে যদি সাতটা শব্দ ব্যবহার করে সেখানে অন্তত তিনটা ইংরেজি শব্দ ব্যবহার করা চাই।
এটার পেছনে কতিপয় ব্যক্তিবর্গের যুক্তি হচ্ছে, জাতির উন্নয়ন।
যতো দ্রুত ইংরেজি ভাষা রপ্ত করা যায় ততোই উন্নয়ন ত্বরান্বিত হবে।
হুম উন্নয়ন হচ্ছে কিন্তু মনের দিক থেকে নয়।
মানুষ আজকাল মানবিক দিক থেকে আমূল বদলে যাচ্ছে।
বায়ান্ন সালে রক্ত দিয়ে অর্জন করা ভাষাটাকেই আজ তারা হাসিমুখে বর্জন করে চলেছে।
রীতিমতো ভয়ানক আর নির্মম ব্যাপার।
আজকালকার নাটকগুলো হয় দুই প্রকার কমেডি আর রোমান্টিক।
এর বাইরে যেতেই পারছেন না নাটক নির্মাতারা।
আমার দৃষ্টিতে নাটকের আরো বড়সড় শাখা বিদ্যমান।
কত রকমের গল্পই তো থাকে জীবনের।
শুধুমাত্র কমেডি আর রোমান্টিক ব্যাপারস্যাপারগুলো কেন ঠাঁই পাবে?
আর পরিচালকবৃন্দদের মতামত হচ্ছে, “মানুষ আজকাল যেমনটা গিলে তেমনটাই খাওয়ানো হচ্ছে।চাহিদানুযায়ী উৎপাদন,ব্যবসার প্রধান মূলমন্ত্র!”
আমার মতে, আজকালকার নাটকগুলো হচ্ছে ঝালমুড়ি বা চটপটি টাইপের।
যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ ই মজা, পরে আর বিশেষ ফল নেই।
ফল যা আছে তা পেটব্যথা টাইপের কিছু।
তাই পরিচালকেরাও এইসব খাইয়ে দিব্যি রোজগার করছেন।
অথচ তারা চাইলেও সুষম খাদ্য ধরণের নাটক খাওয়াতে পারতেন।
কিন্তু এতো কষ্ট করার সময় তাদের কোথায়?
দেশ জাতি যে শিক্ষা খুশি পাক,উন্নয়ণের জোয়ারে ভাসতে ভাসতে তলিয়ে যাক,অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটুক,দেশজ সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাক তাতে তাদের কি আসে যায়?তাদের পকেট গরম থাকলেই হলো।
আমার অবশ্য এটা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই।
আমার ইচ্ছে হয় না তাই আমি আজকালকার নাটক বেশি একটা দেখি না।
ঘুরেফিরে ওই সেইসময়ের নাটকগুলোই দেখি।
চিরকাল ভাত খেলে যেমন ভাতের রুচি মরে না সেরকম তখনকার সেই নাটকগুলোর রুচিও আমার কখনোই মরে না।
